বহু চর্চার পর সদ্য লঞ্চ হয়েছে ব্র্যান্ড-নিউ Samsung Galaxy S25 FE, নজরকাড়া ফিচারের সাথে মিলবে ৭ বছরের অ্যান্ড্রয়েড আপডেট।
বহু চর্চা-জল্পনার পর অবশেষে এই বৃহস্পতিবার Samsung গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে তার Galaxy S25 সিরিজের অন্তিম এবং সস্তা স্মার্টফোন Samsung Galaxy S25 FE 5G। এই নতুন ফোনটি Galaxy S24 FE-এর সাকসেসর হিসেবে বাজারে এসেছে। ফিচার বলতে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এক্সিনস ২৪০০ প্রসেসর এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো স্পেসিফিকেশন। আবার কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে Samsung Galaxy S25 FE-এর ক্রেতারা সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন। তবে এই মুহূর্তে ফোনটি কিনতে ৫০ হাজার টাকার বেশি খরচ হবে।

Samsung Galaxy S25 FE-এর দাম, প্রাপ্যতা
স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই ফোনটি মূলত দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে – ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। এর মধ্যে প্রথম অর্থাৎ বেস মডেলটির দাম ধার্য হয়েছে ৬৫০ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ৫৭,৩০০ টাকা)।
আর দ্বিতীয়টি ৭১০ ডলার (প্রায় ৬২,৫৭০ টাকা)-এর বিনিময়ে কেনা যাবে। বর্তমানে এটি কেবল কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি এটি ভারতের বাজারেও মিলবে। এক্ষেত্রে এদেশে ফোনটির দামে কিছু হেরফের হতে পারে।
উল্লেখ্য, ফোনটি আইসি ব্লু, জেটব্ল্যাক, নেভি এবং হোয়াইট কালার অপশনে এসেছে।
Samsung Galaxy S25 FE-এর স্পেসিফিকেশন ও ফিচার
ব্র্যান্ড-নিউ স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই স্মার্টফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১৯০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এতে সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস প্লাস-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আবার ভালো পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোম্পানির নিজস্ব এক্সিনস ২৪০০ প্রসেসর। ফোনটি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সাপোর্ট দেয়। উল্লেখ্য, এই স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৯০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। একইভাবে সফ্টওয়্যার ফ্রন্টে, এটিতে থাকছে ইন-বিল্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম-ভিত্তিক ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন।
ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনটি কিন্তু সেরা। কারণ, এতে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্সসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরা দিয়ে আরামসে 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। অন্যদিকে সেলফির জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা মেলে। শুধু তাই নয়, গ্যালাক্সি এস২৫ এফই-তে জেনারেটিভ এডিট-এর মতো এআই-এডিটিং টুলও আছে। প্রসঙ্গত, এই হ্যান্ডসেটটি ধুলো এবং জল প্রতিরোধী আইপি৬৮ রেটিংসহ এসেছে। যার ফলে এটি দিয়ে সহজেই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে।
গেমিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত কাজের জন্যও সেরা বিকল্প হতে পারে এই স্যামসাং গ্যালাক্সি এস২৫ এফই। আসলে এতে গ্যালাক্সি এস২৪ এফই-এর তুলনায় ১০ শতাংশ বড় ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে, যা ফোনটিকে সহজে গরম হতে দেবে না। তাছাড়া স্যামসাং তার নয়া হ্যান্ডসেটের সাথে ছয় মাসের জন্য বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন দিচ্ছে।
