অবশেষে কলকাতার Vodafone ইউজাররা পাবেন 5G-র মজা। পুজোর মুখে নতুন পরিষেবা লঞ্চ করল সংস্থা।
অবশেষে তিলোত্তমা কলকাতায় লঞ্চ হলো Vi 5G নেটওয়ার্ক! ভারতে 5G নেটওয়ার্ক লঞ্চ হয়েছে প্রায় তিন বছর আগে। কিন্তু এই পরিষেবা প্রদানের ক্ষেত্রে Reliance Jio ও Bharti Airtel এগিয়ে থাকলেও, দেশের অন্যতম জনপ্রিয় দুই টেলিকম অপারেটর BSNL এবং Vodafone Idea-র গ্রাহকরা এই বিষয়টি নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে Vodafone যাবতীয় মেঘ কাটিয়ে আশার আলো দেখাচ্ছে! গত বৃহস্পতিবার তারা কলকাতায় ৫জি পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে। অর্থাৎ, হাতে 5G ফোন থাকলেই এবার থেকে Vi ইউজাররা পাবেন সুপারফাস্ট 5G পরিষেবা। এক্ষেত্রে ৩০০ টাকার কমে রিচার্জ করলেই কাজ মিটে যাবে।
কলকাতায় এল Vi 5G নেটওয়ার্ক, সুবিধা কী?

জানিয়ে রাখি, এর আগে শিলিগুড়িতে ৫জি নেটওয়ার্ক চালু করেছিল ভোডাফোন। মানে কলকাতা বর্তমানে পশ্চিমবঙ্গের দ্বিতীয় শহর, যেখানে কোম্পানির নতুন নেটওয়ার্ক পরিষেবা আসতে চলেছে। এক্ষেত্রে ভোডাফোন এই পরিষেবার খরচ হিসেবে প্রাথমিক রিচার্জ প্ল্যানের দাম ধার্য করেছে ২৯৯ টাকা। এতে আনলিমিটেড ৫জি (Unlimited 5G) ডেটা, হাই ডেফিনেশন (HD) স্ট্রিমিং, গেমিং, দ্রুত ডাউনলোড স্পিড, রিয়েল টাইম ক্লাউড অ্যাক্সেস জাতীয় সুবিধা পেতে পারেন গ্রাহকরা।
আসলে ভোডাফোন প্রথমে দেশের ১৭টি সার্কেলে তার ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে। সেই কারণে তারা ইতিমধ্যে মুম্বাই, দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, পুনে, জয়পুর, আহমেদাবাদ, কোচি, তিরুবন্তপুরম, শিলিগুড়িসহ প্রধান প্রধান শহরগুলিতে এই পরিষেবা দিচ্ছে।
এই বিষয়ে কথা বলতে গিয়ে ভোডাফোন আইডিয়া তথা ভিআই-এর কলকাতা তথা পশ্চিমবঙ্গ শাখার বিজনেস হেড শোভন মুখার্জী অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি, সংস্থার আরো ভালো পরিষেবা প্রদানের লক্ষ্যমাত্রার কথাও শেয়ার করেছেন। উল্লেখ্য, কলকাতায় ৫জি পরিষেবা জোরদার করার জন্য ভোডাফোন এই মুহূর্তে স্মার্টফোন কোম্পানি Nokia-র সাথে অংশীদারিত্ব করেছে। এছাড়াও কলকাতাসহ পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় 4G নেটওয়ার্কের মানোন্নয়ন করার যথাযথ প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে।
