এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক জীবনে প্রায়শই কোনো না কোনো বিষয়কে ঘিরে ট্রেন্ড দেখা যায়। যেমন, মাস তিন-চার আগে ভারতসহ গোটা বিশ্বের মানুষ ChatGPT, Grok ইত্যাদি AI প্ল্যাটফর্মের সাহায্যে তাদের বিভিন্ন ছবি-মুহূর্তের স্টুডিও ঘিবলি অবতার (studio ghibli style image) তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সেগুলি ব্যাপকভাবে পোস্ট করছিল। আবার এখন বছরের দ্বিতীয়ার্ধেও কার্যত একই জিনিস
দেখা যাচ্ছে Instagram, Facebook-এর মতো জায়গায়। আসলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে একটি নতুন ট্রেন্ড ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অধিকাংশই চলচ্চিত্র তারকা তথা সেলিব্রিটিদের সাথে নিজেদের ছবি পোস্ট করছে। আর সেই ছবিগুলি এক নজরে দেখে নকল বলে মনেও হচ্ছে না! আসলে এই ট্রেন্ডের পেছনে আছে সেই কৃত্রিম বুদ্ধিমত্তাই। Google-এর নতুন ইমেজ এডিটিং টুল Nano Banana এই মজার ফিচার দিচ্ছে। এক্ষেত্রে আপনিও যদি আপনার প্রিয় সেলিব্রিটির সাথে একটি ছবি বানাতে চান, তাহলে পুরোটা পড়ুন।


Google Nano Banana: এক ক্লিকে বানান মজার ছবি
সাম্প্রতিক সময়ে টেক জায়ান্ট গুগল তার জেমিনি চ্যাটবটে ‘ ন্যানো বানানা’ নামক একটি নতুন এডিটিং টুল যুক্ত করেছে, যা আদতে একটি ফটো এডিটিং টুল। সংস্থার মতে, এই টুল দিয়ে বানানো ছবিতে মানুষ, অন্যান্য প্রাণী বা জিনিসপত্র আসল ছবির মতোই দেখাবে। সমস্ত জেমিনি ব্যবহারকারীই টুলটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এবং কমান্ড দিয়ে নিজেদের ইচ্ছেমতো ছবি বানাতে পারবেন। বাস্তবে হচ্ছেও তাই! এই ন্যানো বানানা-ই নিয়ে এসেছে নতুন ট্রেন্ড।
কীভাবে Google Nano Banana ব্যবহার করবেন?
জানিয়ে রাখি, গুগল ন্যানো বানানা ব্যবহার করার জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না। ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে জেমিনি ব্যবহার করার সময়ই এই টুল কাজে লাগানো যাবে। এর জন্য বড় বা জটিল কোনো প্রম্পটও লিখতে হবে না। যেমন, আপনি যদি নিজের প্রিয় চলচ্চিত্র তারকার সাথে একটি ছবি তৈরি করতে চান, তাহলে —
১. প্রথমে ফোনে Google Gemini অ্যাপটি খুলুন।
২. এরপর, স্ক্রিনে প্রদত্ত ‘প্লাস’ আইকনে ক্লিক করতে হবে।
৩. পরবর্তী ধাপে নিজের একটি ছবি তুলতে হবে অথবা গ্যালারি থেকে ছবি বেছে নিতে হবে।
৪. সবশেষে একটি কমান্ড দিয়ে (যেমন: I am standing with Jeet in Nandan) ‘অ্যারো’ চিহ্নে ক্লিক করলেই অল্প সময়ের মধ্যে ছবি তৈরি হয়ে যাবে।
উল্লেখ্য, সবসময় যে ছবি সঠিক তৈরি হবে তা নয়। অনেক ইউজারই ইতিমধ্যে জেমিনির ভুল ইমেজ আউটপুট জেনারেট করার বিষয়ে অভিযোগ জানিয়েছেন।
