বর্তমান সময়ে প্রিমিয়াম স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে Apple-এর থেকে অনেকটাই এগিয়ে আছে Samsung। কিন্তু বিগত কয়েক মাস ধরে Samsung-এর অন্যতম বেস্ট-সেলার একটি স্মার্টফোনে এমন একটি গুরুতর সমস্যা দেখা দিয়েছে, যার জেরে ভিড় বাড়ছে কোম্পানির সার্ভিস সেন্টারগুলিতে। খবর অনুযায়ী, ব্র্যান্ডের সস্তা ফ্ল্যাগশিপ ফোন Samsung Galaxy S21 FE 5G (স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই ৫জি) মডেলের ইউজাররা সিকিউরিটি প্যাচ আপডেট ইনস্টল করলেই, সেটির ডিসপ্লেতে দেখা যাচ্ছে সবুজ রঙের লম্বা দাগ!
Samsung Galaxy S21 FE ফোনে আসছে গ্রিন লাইন

SAMSUNG GALAXY S21 FE 5G
স্মার্টফোনে গ্রিন লাইনের সমস্যা (Green Line Issue) কোনো নতুন বিষয় নয়। বিশেষত, চীনা ব্র্যান্ড OnePlus-এর ফোনের ক্ষেত্রে এই ইস্যুর মাঝেমধ্যেই শোনা যায়। কিন্তু, যে কোম্পানির ডিসপ্লে বিপুল জনপ্রিয় এবং আকর্ষণীয়, সেই Samsung-এর ফোনেই যদি এমনতর ঝামেলা দেখা যায়, তাহলে তা চিন্তার বিষয় বৈকি! ব্যাপারটা হচ্ছে যে, গত বছর অর্থাৎ ২০২৪ সাল থেকেই Galaxy S21 FE ফোনটিতে গ্রিন লাইন ইস্যু দেখা যাচ্ছিল। মূলত ফোনটিতে সফ্টওয়্যার আপডেট করার কিছু সময়ের মধ্যেই ডিসপ্লেতে সবুজ দাগ দেখতে পান ইউজাররা। তবে এই বছরের মে মাস থেকে সমস্যাটি বেড়েছে।
মে মাস থেকে অনেক ইউজার রিপোর্ট করেছেন যে, তাদের Samsung Galaxy S21 FE ফোন আপডেট করার পর ডিসপ্লেতে গ্রিন লাইন আসছে। প্রথমে একটি দাগ এলেও, তারপর দাগে ভর্তি হয়ে যাচ্ছে স্ক্রিন – তাতে ফোনটি ব্যবহার করা হোক বা না হোক। এর ফলে তাঁদের ছুটতে হচ্ছে সার্ভিস সেন্টার অথবা দোকানে।
করণীয় কী?
এই মুহূর্তে Samsung কোম্পানি তাদের এই Galaxy S21 FE ফোনের গ্রিন লাইন ইস্যুর জন্য ‘ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট’ (free screen replacement) অফার দিচ্ছে। তাই যার বা যাদের এই ফোনটি আছে, তারা যদি গ্রিন লাইন ইস্যুর কবলে পড়েন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এক্ষেত্রে আপনাদের ফোনে ওয়ারেন্টি না থাকলেও বিনামূল্যে ডিসপ্লে পাল্টে দেবে কোম্পানি। তবে, যদি ফোনের গায়ে কোনো বড় স্ক্র্যাচ, ডেন্ট থাকে বা ডিসপ্লে ভাঙা থাকে তাহলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া ফোনে আপডেট এলে তা সাথে সাথেই ইনস্টল করবেন না, প্রয়োজনে সার্ভিস সেন্টারে গিয়ে আপডেট করতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই Samsung Galaxy S21 FE ফোনে ‘Android 15’ আপডেট এসেছে। খুব শিগগির এতে Android 16-ভিত্তিক One UI 8 আপডেটও আসবে বলে কোম্পানি জানিয়েছে।
