রাজ্যে ভোটার তালিকা নিয়ে এখন চরম ব্যস্ততা। সম্প্রতি SIR (Special Intensive Revision) ঘোষণা হতেই নাগরিকদের মধ্যে শুরু হয়েছে তীব্র কৌতূহল— ২০০২ সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কি না, সেটাই এখন সকলের প্রধান প্রশ্ন।
এই আগ্রহই যেন কাল হয়ে দাঁড়াল CEO দপ্তরের ওয়েবসাইটের জন্য। বৃহস্পতিবার সকাল থেকেই একের পর এক মানুষ ঢুঁ মারছেন সাইটটিতে, আর তাতেই ক্র্যাশ করে বসেছে ওয়েবসাইট। বারবার চেষ্টা করেও কেউই খুলতে পারছেন না
https://ceowestbengal.nic.in/ — ব্রাউজারে শুধু দেখাচ্ছে, “Error. An error occurred while processing your request.”
অনেকেই অভিযোগ করছেন, সকাল থেকেই মোবাইল ও কম্পিউটার—দুই মাধ্যমেই ওয়েবসাইট খুলছে না। কারও কারও ক্ষেত্রে আবার লম্বা অপেক্ষার পর খোলা গেলেও, ভোটার লিস্টের পিডিএফ ডাউনলোড করতে হচ্ছে প্রবল কষ্টে।
জানা গিয়েছে, একই সময়ে হাজার হাজার মানুষ ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করায় সার্ভার অতিরিক্ত চাপ সামলাতে পারছে না। ফলস্বরূপ, পুরো সাইটই সাময়িকভাবে অচল হয়ে পড়েছে।
গত সোমবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছিল, “যাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই।” আর সেই ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে নাম খোঁজার তোড়জোড়। সাধারণ মানুষ নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখতে গিয়ে পড়েছেন প্রবল সমস্যায়।
ওয়েবসাইটের দ্রুত পুনরুদ্ধারের দাবি উঠেছে সর্বত্র। নাগরিকদের একটাই অনুরোধ— যেন যত দ্রুত সম্ভব CEO দপ্তরের ওয়েবসাইট সচল হয় এবং সবাই স্বস্তিতে নিজেদের নাম যাচাই করতে পারেন।
