AI Content-Deepfake Law: এআই নাকি আসল? ডিপফেকের দাপট রুখতে নতুন আইনের পথে কেন্দ্র, এআই কন্টেন্টে বাধ্যতামূলক লেবেল আসছে

এআই-এর দুনিয়ায় আজ বাস্তব আর কৃত্রিমের সীমারেখা প্রায় মুছে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই চোখে পড়ছে এমন সব ছবি ও ভিডিও, যা আসলে মানুষের নয়—এআই-এর হাতের জাদু। এই ডিপফেক (Deepfake) প্রযুক্তি এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, রাজনীতিক—কারও রেহাই নেই।
এই প্রবণতা রুখতেই এবার সক্রিয় হচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, তথ্যপ্রযুক্তি মন্ত্রক আইটি আইন (IT Act)-এ বড়সড় সংশোধনের পথে এগোচ্ছে। প্রস্তাব করা হয়েছে—যে কোনও এআই-নির্মিত ছবি, ভিডিও বা কন্টেন্টের উপর স্পষ্টভাবে “AI Generated” বা “এআই দ্বারা নির্মিত” লেবেল লাগানো বাধ্যতামূলক করা হবে।

এর ফলে, যখন কোনও ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় সেই কন্টেন্ট দেখবেন, তখন তিনি সহজেই বুঝতে পারবেন সেটি প্রকৃত না এআই-নির্মিত। একইসঙ্গে, একটি নতুন ধারার মাধ্যমে “এআই কন্টেন্ট” ঠিক কী—তার সংজ্ঞা আইনি ভাবে নির্ধারণ করার কথাও ভাবা হচ্ছে। আগামী ৬ নভেম্বরের মধ্যে এই প্রস্তাব নিয়ে মতামত জানাতে আহ্বান জানিয়েছে মন্ত্রক।

সরকারের উদ্দেশ্য স্পষ্ট—সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, যাতে তাঁরা প্রকৃত তথ্য ও ভুয়ো তথ্যের মধ্যে পার্থক্য করতে পারেন।
সম্প্রতি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের নাম জড়িয়ে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। কেউ রাজনীতির ময়দানে, কেউ বিনোদনের জগতে—প্রায় সবাই এই প্রযুক্তির অপব্যবহারের শিকার। ভোটের আগে এমন ভুয়ো ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ায় চিন্তিত সরকার এবার আইন শক্ত করতে চাইছে।
বাস্তব আর ভুয়োর মাঝে ফারাক বুঝতে সাহায্য করাই হবে এই নতুন আইনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *