শারদোৎসব মানেই ভিড়, ভক্তি আর আনন্দে ভরপুর শহর। সেই ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের জন্য পূজোপার্ব আরও সহজ করে তুলতে এবার নতুন পদক্ষেপ নিল বর্ধমান জেলা পুলিশ। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বিশেষ মোবাইল অ্যাপ ‘সবার পুজো’–র, যা এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে।
অ্যাপে কী কী সুবিধা মিলবে?
‘সবার পুজো’ অ্যাপ ডাউনলোড করলেই মিলবে—
পথ নির্দেশিকা ও ম্যাপ: কোন পুজো মণ্ডপে কীভাবে পৌঁছবেন, তার বিস্তারিত তথ্য।
ট্রাফিক আপডেট: যান নিয়ন্ত্রণের নির্দেশিকা রিয়েল-টাইমে দেখতে পাবেন।
সুরক্ষা বার্তা: পুলিশের তরফে বিশেষ নির্দেশ ও সতর্কীকরণ।
যান নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা
পুজোর ভিড় যাতে সুস্থ ও সুন্দরভাবে সামলানো যায়, তার জন্য জেলা পুলিশ একাধিক পদক্ষেপ নিয়েছে।
২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে সমস্ত বাস ও মালবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে।
৪ অক্টোবর কার্নিভালের দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণ কার্যকর থাকবে।
যেসব এলাকায় যান চলাচল বন্ধ থাকবে
জিটি রোড: নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড
এনএইচ–১৯: পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়
দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়
আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়
নবাবহাট এনএইচ–২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড প্রভৃতি এলাকা
পুলিশের বার্তা
বর্ধমান পুলিশ সুপার সায়ক দাস জানান, এই অ্যাপ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দে পুজো উপভোগ করতে পারেন, সেটাই মূল লক্ষ্য।
