অপেক্ষার অবসান! বহু চর্চার পর সবেমাত্র লঞ্চ হয়েছে Apple-এর ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন – iPhone 17 Air। গতকাল ক্যালিফোর্নিয়ার আয়োজিত হয়েছে ‘Awe Dropping’ ইভেন্টে এই প্রিমিয়াম স্মার্টফোনটির ওপর থেকে পর্দা সরেছে এবং এটি Samsung Galaxy S25 Edge-এর প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে পা রেখেছে। জানিয়ে রাখা ভালো, গতবারের iPhone 16 Plus মডেলটির পরিবর্তে iPhone 17 Air লঞ্চ হয়েছে। iPhone 17 সিরিজের অন্যান্য সমস্ত ফিচারসহ ‘Apple Intelligence’-এর সাপোর্ট পাওয়া যাবে এই মোবাইলটিতে।

iPhone 17 Air-এর স্পেসিফিকেশন, ফিচার
৫.৬ মিমি পুরু, ৮০ শতাংশ রিইউজেবল টাইটানিয়াম মেটেরিয়ালযুক্ত আইফোন ১৭ এয়ারের সামনে এবং পিছনে সিরামিক শিল্ড ২ ব্যবহার করা হয়েছে।আর যেমনটা আগে বলেছি, অ্যাপলের দাবি অনুযায়ী এটি বর্তমানে তাদের সবচেয়ে পাতলা আইফোন। সেক্ষেত্রে এতে ৬.৫-ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি প্রো-মোশন ১২০ হার্টজ ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এই আইফোনে ব্যবহার হয়েছে এ১৯ প্রো চিপসেট, যেটি ৬-কোর সিপিইউ, ৬-কোর জিপিইউ এবং একটি ১৬-কোর নিউরাল ইঞ্জিন দ্বারা গঠিত। প্রসঙ্গত উল্লেখ্য, এই চিপসেট আইফোন-১৭ প্রো ম্যাক্সেও ব্যবহৃত। যাইহোক, এয়ার মডেলে সেকেন্ড জেনারেশনের ডায়নামিক কেশিং উপস্থিত। এছাড়া, এই স্মার্টফোনে অ্যাপলের নতুন N1 চিপও বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে টানা ২৭ ঘন্টা ভিডিও দেখা যাবে আইফোন ১৭ এয়ারে। আবার ৩০ মিনিটে ৫০% পর্যন্ত চার্জ হয়ে যাবে এটি।
ফটোগ্রাফিক ফিচারের কথা বললে, এই নতুন ফোনের ক্যামেরা মডিউলটি আইফোন ৬-এর কথা মনে করাবে।এতে ৪৮ মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি ক্যামেরা সেটআপ আছে, যা সেন্সর-শিফট অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, এফ/১.৬ অ্যাপারচার এবং ২-এক্স জুম সাপোর্টসহ। একইভাবে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য আইফোনটিতে ১৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে কোম্পানি। কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ এবং ব্লুটুথ ৬ সাপোর্ট রয়েছে ফোনটিতে।
iPhone 17 Air-এর দাম ও লভ্যতা
অ্যাপল তার নতুন আইফোন ১৭ এয়ার ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং চারটি কালার অপশনে (স্কাই ব্লু, লাইট গোল্ড, ক্লাউড হোয়াইট এবং স্পেস ব্ল্যাক) বাজারে আনবে। এক্ষেত্রে ফোনটির ২৫৬ জিবি স্টোরেজ তথা বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯ ডলার (প্রায় ৮৮,১০০ টাকা)।
তবে জানা গেছে ভারতবর্ষে আইফোন এয়ার মডেলের দাম শুরু হবে ১,১৯,৯০০ টাকা থেকে। এর মধ্যে ৫১২ জিবি এবং ১ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টের ধার্য মূল্য যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা ও ১,৫৯,৯০০ টাকা।
প্রসঙ্গত, আগামী ১২ই সেপ্টেম্বর থেকে এই ফোনটির প্রি-অর্ডার নেওয়া শুরু হবে বলে অ্যাপল জানিয়েছে। এর সেল শুরু হবে ১৯শে সেপ্টেম্বর থেকে।
