ছবি আর ভিডিওর ঝলমলে দুনিয়ায় স্ন্যাপচ্যাট এক অনন্য নাম। আত্মপ্রকাশের পর থেকেই ভারতীয় ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছিল এই জনপ্রিয় ফটো-শেয়ারিং অ্যাপটি। এর অন্যতম আকর্ষণ ছিল একেবারে বিনামূল্যের মেমোরি ব্যাকআপ, যেখানে সযত্নে জমে থাকত হাজারো মুহূর্তের স্মৃতি। কিন্তু এবার সেই সময়ের অবসান ঘটাতে চলেছে সংস্থাটি।
স্ন্যাপচ্যাটের তরফে জানানো হয়েছে—এবার থেকে ছবি ও ভিডিওর ব্যাকআপ রাখতে খরচ করতে হবে অর্থ। যেভাবে গুগল ক্লাউড বা আইক্লাউডে টাকা দিয়ে স্টোরেজ কেনা যায়, ঠিক তেমনই এবার স্ন্যাপচ্যাটেও অর্থের বিনিময়ে পাওয়া যাবে অতিরিক্ত জায়গা।
তবে সম্পূর্ণ অর্থপ্রদান বাধ্যতামূলক নয়। প্রতিটি ব্যবহারকারী বিনামূল্যে ৫ জিবি স্টোরেজ পাবেন। কিন্তু এর বেশি মেমোরি রাখতে হলে কিনতে হবে পেইড প্ল্যান।
নতুন স্টোরেজ প্ল্যানগুলি হলো:
১০০ জিবি – প্রতি মাসে মাত্র ১.৯৯ ডলার (প্রায় ১৬৫ টাকা)
২৫৬ জিবি – প্রতি মাসে প্রায় ৩৩০ টাকা
৫ টিবি – উচ্চতর ব্যবহারের জন্য বিশেষ প্ল্যান
এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই অনেক ব্যবহারকারী হতাশ। বছরের পর বছর ধরে তাঁদের স্মৃতি, ছবি ও ভিডিওর ভাণ্ডার জমে আছে স্ন্যাপচ্যাটে। এখন অর্থ খরচ না করলে সেই ব্যাকআপ হয়তো মুছে যাবে।
তবে সংস্থার পক্ষ থেকে কিছুটা সময় দেওয়া হচ্ছে—আগামী ১২ মাস পর্যন্ত ব্যবহারকারীরা বিনামূল্যে অস্থায়ী স্টোরেজ পাবেন। তার পর যদি আপগ্রেড না করা হয়, তবে মেমোরি থেকে ফাইল ডিলিট হয়ে যাবে। তাই স্ন্যাপচ্যাটারদের এখনই পরামর্শ দেওয়া হচ্ছে, প্রিয় মুহূর্তগুলির সব ফাইল ডাউনলোড করে রাখুন নিরাপদে।
২০১৯ সালে ভারতে যাত্রা শুরু করা স্ন্যাপচ্যাট এখন হিন্দি, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, কন্নড়, মালায়লম, তামিল ও তেলুগুসহ একাধিক ভাষায় ব্যবহারযোগ্য। সময়ের সঙ্গে সঙ্গে যেমন এর ব্যবহার বেড়েছে, তেমনই এখন প্রশ্ন উঠছে—মেমোরি স্টোরেজে অর্থ নেওয়ার সিদ্ধান্ত কি তার জনপ্রিয়তা কমিয়ে দেবে?
উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের পাতায়। তবে আপাতত একটাই কথা—স্মৃতির দাম এবার সত্যিই গ্যাঁটের কড়িতে মাপা হবে।
