Surya Grahan 2025: আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের ব্যাপার! আগামী রবিবার মহালয়া — পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবীপক্ষ। তবে এই উৎসবের মুখেই এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। আসলে আগামী রবিবার ২১শে সেপ্টেম্বর মহালয়ার দিন অমাবস্যা তিথি পড়েছে এবং ওই দিনেই সংঘটিত হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ। যদিও এটি একটি আংশিক সূর্যগ্রহণ হবে, অর্থাৎ চাঁদ গ্রহণের সময় সূর্যের স্বল্প কিছুটা অংশকে আড়াল করবে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছে, ওই সময় রাত্রিবেলা চাঁদের ঢেকে যাওয়া ও লালচে বর্ণকে ঘিরে মেতে উঠেছিল সোশ্যাল মিডিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে বছরের শেষ সূর্যগ্রহণ কখন হবে? ভারতে কি এবারের সূর্যগ্রহণ দৃশ্যমান হবে? আসুন, এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ কখন ঘটবে?
চলতি বছরের শেষ সূর্যগ্রহণটি আগামী ২১শে সেপ্টেম্বর, রবিবার ঘটতে চলেছে। এক্ষেত্রে গ্রহণ ভারতীয় সময় অনুযায়ী রাত ১১টায় শুরু হবে এবং ভোর ৩:২৩ মিনিটে শেষ হবে। মানে এই গ্রহণের মোট সময়কাল ৪ ঘন্টারও বেশি হবে।

ভারতে এই সূর্যগ্রহণ কি দেখা যাবে?
দুঃখের বিষয় হলো যে, দক্ষিণ গোলার্ধের বিভিন্ন অঞ্চলে (যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং অ্যান্টার্কটিকা) সূর্যগ্রহণ দৃশ্যমান হলেও, ভারত বা দক্ষিণ এশিয়ার বেশিরভাগ মানুষ এটি সরাসরি দেখতে পাবেন না। কারণ যে সময়ে এই ঘটনাটি ঘটবে, তখন উত্তর গোলার্ধে রাত হয়ে যাবে। ফলত, অনলাইন স্ট্রিমিং ছাড়া এই গ্রহণ দৃশ্যমান হবে না।
জানিয়ে রাখি, বিভিন্ন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র এবং Space.com জাতীয় জ্যোতির্বিদ্যা বিষয়ক চ্যানেলগুলি সূর্যগ্রহণের রিয়েল-টাইম কভারেজ করবে। তাই আপনি চাইলে এই বিরল দৃশ্য দেখতেই পারেন।
