আজকের পৃথিবীতে মোবাইল ছাড়া এক মুহূর্তও যেন অসম্ভব। ঘুম ভাঙার পর থেকে ঘুমোনো পর্যন্ত, আট থেকে আশি — সকলেই বন্দি এক ছোট্ট পর্দার আলোয়। বেড়াতে গেলেও ফোনই আমাদের সবচেয়ে কাছের সঙ্গী — যোগাযোগ রাখা, পথ চিনে নেওয়া, ছবি তোলা, মুহূর্ত ভাগ করা—সবই তার মাধ্যমে।
কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন কি?
ভ্রমণে বেরোলেই মোবাইলের চার্জ যেন হুহু করে উড়ে যায়! যেন ফোনটাও আপনার মতোই পাহাড়-সমুদ্রের হাওয়া খেতে চায়! কেন এমন হয় জানেন? চলুন জেনে নিই কারণ ও সমাধান—
১. প্রকৃতির মাঝে দুর্বল নেটওয়ার্ক
পাহাড়, সমুদ্র, জঙ্গল — ভ্রমণের গন্তব্য হিসেবে এখন এগুলিই সবার প্রিয়। কিন্তু এই নীরব প্রকৃতির কোলে নেটওয়ার্কও হয়ে যায় দুর্বল। ফোন তখন অবিরত সিগন্যাল খুঁজতে থাকে, আর সেই প্রচেষ্টাতেই ক্লান্ত হয়ে পড়ে ব্যাটারি। ফল—দ্রুত শেষ হয়ে যায় চার্জ।
২. ব্যবহার বেশি, বিশ্রাম কম
এখন প্রায় সবাই নিজেই নিজের ট্যুর গাইড। হোটেল বুকিং থেকে রুট চেক—সবই গুগল ম্যাপের দৌলতে সহজ। তার সঙ্গে ছবি তোলা, ভিডিও বানানো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা—সব মিলিয়ে ফোনের ওপর চাপ বেড়ে যায় বহুগুণ। স্বাভাবিক ভাবেই কমে যায় ব্যাটারির আয়ু।
৩. আবহাওয়ার প্রভাব
গরমে ফোন বেশি গরম হয়ে যায়, আর তাতেই দ্রুত কমে চার্জ। ঠান্ডায়ও ব্যাটারির পারফরম্যান্স হ্রাস পায়। অর্থাৎ, আবহাওয়াও ফোনের চার্জের শত্রু হতে পারে।
সমাধান: একটু সচেতনতা, অনেক উপকার
🔹 খুব প্রয়োজন না হলে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন।
🔹 ম্যাপ বা গাইড অ্যাপের কাজ শেষ হলে ‘এয়ারপ্লেন মোড’-এ দিন।
🔹 ঠান্ডা বা ছায়াযুক্ত জায়গায় ফোন রাখুন, অতিরিক্ত গরমে নয়।
🔹 এবং সবচেয়ে জরুরি—সবসময় সঙ্গে রাখুন একটি পাওয়ার ব্যাঙ্ক।
ভ্রমণ হোক নির্ভার, আর ফোন থাকুক চার্জে ভরপুর!
