কথায় আছে, দুনিয়ায় কোনো কিছুই ফ্রি-তে পাওয়া যায় না। আর যদি কিছু বিনামূল্যে পাওয়া যায়ও, তাহলে তার বদলে অনেক ঝামেলা পোহাতে হয়। যেমন, আপনি যদি Gmail বা Google-এর অন্যান্য অ্যাপ-পরিষেবা ব্যবহার করেন, তাহলে আপনাকে সীমিত স্টোরেজেই কাজ চালাতে হবে। আর একবার যদি সেই স্টোরেজ স্পেস ভরে যায়, ব্যাস! তখন নানা ঝামেলার মুখে পড়তে হয়। উদাহরণ হিসেবে Gmail-এর কথাই ধরা যাক। এই ইমেইল পরিষেবা আমাদের মধ্যে একাংশই প্রতিদিন ব্যবহার করি। কিন্তু নানা রকম স্প্যাম বা অপ্রয়োজনীয় ইমেইলের কারণে সেটির স্টোরেজ দ্রুত ভরে যায়। ফলে গুরুত্বপূর্ণ ইমেইল মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বারবার প্রতিটি মেইল ধরে ধরে ডিলিট করা সহজ ব্যাপার নয়। তবে যারা Gmail-এর এই অসুবিধাটি নিয়ে বিরক্ত, তাদের জন্য কিন্তু আমাদের কাছে একটি সহজ সমাধান আছে। হ্যাঁ, কিছু সহজ সেটিংস ব্যবহার করে আপনিও নিজের Gmail-এর স্প্যামিং ব্লক করতে পারবেন এবং স্টোরেজ খালি রাখতে পারবেন। চলুন ব্যাপারটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক।

এভাবে পরিষ্কার রাখুন Gmail-এর ইনবক্স
জিমেইলের ইনবক্স পরিষ্কার রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো ‘স্প্যাম ফিল্টার’ ব্যবহার করা। এই ইমেইল পরিষেবাটি একটি ইন-বিল্ট স্প্যাম ফিল্টারের সুবিধা দেয়, যার ফলে এটি নিজেই বেশিরভাগ জাঙ্ক ইমেইল ব্লক করে। তবে ফিচারটি অ্যাক্টিভ আছে তা আপনাকে চেক করে দেখে নিতে হবে নিম্নলিখিত পদ্ধতিতে:
১. প্রথমে Gmail অ্যাপ বা ওয়েবসাইট খুলুন।
২. উপরের ডানদিকের কোনায় থাকা গিয়ার আইকনে ক্লিক করে ‘See all settings’ অপশনটি নির্বাচন করুন।
৩. পরবর্তীতে ‘Filters and Blocked Addresses’ ট্যাবে যান।
৪. এবার যদি ওখানে উল্লিখিত ফিচারটি অফ থাকে তাহলে ‘Enable spam filtering’-এর পাশে টিক চিহ্ণে ক্লিক করতে হবে।
৫. সবশেষে ‘Save changes’-এ ক্লিক করলেই কাজ হয়ে যাবে।
এছাড়াও যদি কোনো স্প্যাম ইমেইল গুগলের ফিল্টার এড়িয়ে যায়, তাহলে আপনি নিজেই সেটি স্প্যাম হিসেবে মার্ক করতে পারে এভাবে:
১. সন্দেহজনক ইমেইলটি খুলুন।
২. উপরের ডানদিকে থাকা ‘থ্রি ডট’ আইকনে ক্লিক করুন।
৩. এরপরে ‘Report spam’ অপশনটি বেছে নিন। এতে ইমেইলটি সরাসরি স্প্যাম ফোল্ডারে চলে যাবে এবং Gmail ভবিষ্যতে এ ধরনের ইমেইল সম্পর্কে সচেতন থাকবে।
এখানেই শেষ নয়। আপনি চাইলে নিজের মতো কাস্টম ফিল্টার তৈরি করে নির্দিষ্ট সেন্ডার বা কীওয়ার্ডের ইমেইল ব্লক করতে পারেন।
১. এক্ষেত্রে Gmail-এ Settings → See all settings → Filters & Blocked Addresses অপশনে যান।
২. ‘Create a new filter’-এ ক্লিক করুন।
৩. পরবর্তী ধাপে সেন্ডারের ইমেইল, কোনো কীওয়ার্ড জাতীয় কিছু লিখুন। তারপর একইভাবে ‘Create filter’-এ ক্লিক করে আপনি Gmail-এর কাজ করার পদ্ধতি নিজের মতো কাস্টমাইজ করতে পারেন।
