গত এপ্রিল মাসে ওপ্পো তাদের K13 Turbo সিরিজের মাধ্যমে চীনা বাজারে আলোড়ন তুলেছিল। সেসময় দুটি ডিভাইস এসেছিল – Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro। প্রথমটিতে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি 8450 চিপসেট নিয়ে, আর প্রো সংস্করণে ব্যবহৃত হয়েছিল কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 প্রসেসর। প্রযুক্তির সেই ধারাবাহিকতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে এবার কোম্পানি আনতে চলেছে পরবর্তী প্রজন্মের K Turbo সিরিজ।
K14 Turbo না K15 Turbo?
এখনও পর্যন্ত নিশ্চিত নয়, নতুন সিরিজের নাম কী হবে। তবে অনেকেই মনে করছেন—এটি সম্ভবত Oppo K15 Turbo নামেই বাজারে আসবে। কারণ এশিয়ার কিছু অঞ্চলে “৪” সংখ্যাটিকে অশুভ মনে করা হয়, তাই চীনা ব্র্যান্ডগুলোর অনেকেই “৪” নম্বর এড়িয়ে চলে। তবে ব্যতিক্রমও আছে, যেমন Reno 14 সিরিজে আমরা তা দেখেছি। তাই শেষ পর্যন্ত নামটি K14 Turbo হোক বা K15 Turbo – তা সময়ই বলে দেবে।
আসন্ন সিরিজের বৈশিষ্ট্য
জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এক সাম্প্রতিক উইবো পোস্টে দাবি করেছেন, Oppo K15 Turbo এবং K15 Turbo Pro – উভয় ফোনেই থাকবে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে। স্ট্যান্ডার্ড মডেলের প্রসেসর এখনও অজানা, তবে প্রো সংস্করণে থাকবে সর্বশেষ এবং এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষিত না হওয়া Qualcomm Snapdragon 8 Gen 5 (SM8845) চিপসেট।
এই চিপসেটটি গত বছরের Snapdragon 8 Elite প্রসেসরের তুলনায় সামান্য কম শক্তিশালী হলেও উন্নত প্রযুক্তি দ্বারা নির্মিত। উল্লেখ্য, 8 Elite প্রসেসরের AnTuTu স্কোর ছিল প্রায় ৩.৩ মিলিয়ন। নতুন Snapdragon 8 Gen 5 তৈরি করছে TSMC, আর এটি আসছে উন্নত N3P প্রক্রিয়াতে।
সম্ভাব্য লঞ্চের সময়
লঞ্চ টাইমলাইন নিয়ে এখনই কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে যদি Oppo তাদের ছয় মাসের আপগ্রেড সাইকেল বজায় রাখে, তাহলে নতুন সিরিজটি আগামী নভেম্বরেই আত্মপ্রকাশ করতে পারে। আর যদি তারা এক বছরের ব্যবধান বজায় রাখে, তাহলে এর আগমন ঘটবে ২০২৬ সালের এপ্রিলে।
